মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি দুই ফার্মেসিকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৭:৫৫:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডস্থ কাজলশাহ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, অভিযানে ল্যাব এ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা এবং অনিক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মূল্য টেম্পারিং ও আমদানিকারকের অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অভিযানে সহযোগিতা করেন সিলেট আনসার ব্যাটালিয়নের সদস্যরা।





