এয়ারপোর্ট রোডে কারসহ ২ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৯:২১:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর এয়ারপোর্ট রোড এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এয়ারপোর্ট রোডের গ্র্যান্ড সিলেটের সামন থেকে তাদের আটক করে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছেন, গত মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র কামাল হোসেন তার কর্মস্থল নগরীর জিন্দাবাজারের প্যারিস রেস্ট হাউজে কাজ শেষে বাসায় ফেরার পথে পূর্বপরিচিত তামিম নামে এক যুবকের ফাঁদে পড়েন। বেড়ানোর প্রলোভন দেখিয়ে প্রথমে তাকে মোটরসাইকেলে তুলে নেয় তামিম এবং পরে হাউজিং এস্টেটের ৮নং লেন এলাকা থেকে একটি প্রাইভেটকারে তুলে নেয়। ওই গাড়িতে আগে থেকেই আরও চারজন অবস্থান করছিল।
প্রাইভেটকারে করে কামাল হোসেনকে সালুটিকর ব্রিজের দক্ষিণ পাশে নিয়ে গিয়ে তাকে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন (মডেল: VIVO 30, আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা) এবং নগদ ৩ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। এরপর তাকে অজ্ঞাত স্থানে ফেলে দেওয়ার জন্য কারটি বাইপাস হয়ে বাইশটিলা এলাকার দিকে রওনা দেয়। বাইশটিলা বাজারে পৌছামাত্র উপস্থিত জনতাকে দেখে কামাল হোসেন চিৎকার শুরু করলে জনতা গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে গ্র্যান্ড সিলেট হোটেলের সামনে পৌঁছালে কামাল হোসেন কৌশলে গাড়ির জানালা দিয়ে লাফিয়ে পড়ে রক্ষা পান। পরে স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুইজন ছিনতাইকারীকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রানীগঞ্জ এলাকার বাসিন্দা বর্তমানে নগরীর শিবগঞ্জে বসবাসরত আব্দুল হকের পুত্র সাইফুল ইসলাম ও কোম্পানীগঞ্জ থানার গৌরীনগর গ্রামের বাসিন্দা বর্তমানে নগরীর শিবগঞ্জ এলাকায় বসবাসরত জাহাঙ্গীর আলমের পুত্র লিমন আহমদ জয়। এদিকে এই ঘটনায় বুধবার (৩০ জুলাই) রাতে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ভুক্তভোগীর চিৎকার এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





