গোলাপগঞ্জে যৌথবাহিনীর হাতে বিপুল মাদকসহ আটক ৬
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৯:১৫:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গোলাপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ একই পরিবারের ৪ জনসহ ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১ আগস্ট) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল বিদেশি মদ, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬৬ হাজার ৬০০ টাকা, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ২টি কাঁচি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- রানাপিং গ্রামের তোয়েব আলীর ছেলে রানা মিয়া (৪৫), তার ছেলে মো. রকি আহমদ (২১), মো. শাহী আহমদ (১৭), মেয়ে তানজিনা জান্নাত (২৩), একই গ্রামের সইন উদ্দিনের ছেলে মো. লিমন (১৮) এবং লিটন চন্দ্রের ছেলে টিটন চন্দ্র (২৪)।
এর সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





