সীমান্তে কোটি টাকার পণ্য আটক বিজিবির
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৯:২৯:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চোরাকারবারী সীমান্ত হিসেবে পরিচিত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৫টি সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জওয়ানরা। বুধবার (৬ আগস্ট) বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে বুধবার ভোরে দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই ও সোনালীচেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জওয়ানরা। অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী ও কিটক্যাট চকলেট আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ ও অবৈধভাবে উত্তোলন করা পাথরবাহী নৌকা জব্দ করা হয়। এসব পণ্যের মোট মূল্য ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৭২৫ টাকা।
৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক বলেন, আটককৃত পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও অবৈধ কর্মকা- প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।





