বিয়ানীবাজারে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ : গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৯:১৯:৩২ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: পাথর বোঝাই ট্রাক থেকে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রী আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ ও চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ট্রাকটি আটক করেন। এসময় পুলিশ পাচারকাজে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- ট্রাক চালক জসিম উদ্দিন, ট্রাকের মালিক জাহেদ আহমদ ও তাদের সহযোগি মেহেদী হাসান। এব্যাপারে শনিবার বিকেলে চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন মিয়া বাদি হয়ে বিয়ানীবাজার থানায় মামলা হয়েছে।
জানা গেছে, বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রীর একটি বড় চালান সিলেটে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ হোসাইন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার ভোরে চারখাই ইউনিয়নের কচকটখা গ্রামের লালপুর ব্রিজের উপর চেকপোস্ট বসায়। এসময় সন্দেহের ভিত্তিতে পাথরবোঝাই ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রী উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ অবৈধ প্রসাধনী সামগ্রীসহ ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালক, মালিকসহ তিনজনকে আটক করে। পাচারকারিরা কানাইঘাট গৌরিপুর সীমান্ত দিয়ে প্রসাধনী সামগ্রীগুলো বাংলাদেশে ঢুকিয়ে পরবর্তীতে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে সিলেটে নিয়ে যাচ্ছিলো, সেখান থেকে মালের চালান ঢাকায় যাওয়ার কথা ছিলো। জব্দ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৩ লক্ষ টাকা বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, ট্রাকে পাথরের আড়ালে ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রী পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোষ্ট বসায়। পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে চেকপোষ্ট অতিক্রমকালে পুলিশ একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার ও পাচারকাজে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে। এব্যাপারে চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন মিয়া বাদি হয়ে থানায় মামলা হয়েছে।
সন্ধ্যায় বিয়ানীবাজার থানায় অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটককৃতদের কাছ থেকে পাওয়া চোরাচালান চক্রের ব্যাপারে পুলিশ খবর নিচ্ছে, শীঘ্রই বাকি আসামীদের আটক করা হবে। তিনি এসময় মাদক, চোরাচালান ব্যাপারে পুলিশের কঠোর অবস্থান তুলে ধরেন।





