সাড়ে ৪ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৮:১৭:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্ত থেকে ভারতীয় চোরাইপণ্যের বড় চালান জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সংগ্রাম, ডিবিরহাওর, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা, সুনামগঞ্জের ছাতক উপজেলার লাফার্জ বিওপি কর্তৃক পৃথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার মোটরসাইকেল এবং বারকী নৌকা জব্দ করা হয়।
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চোরাই পণ্য বহনকারী ডিআই পিকআপ, ডাম্পার এবং টাটা ট্রাক জব্দ করে। বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার ভোরে পরিচালিত এসব অভিযানে জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৫৩০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক বলেন, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যগুলোর ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।





