হবিগঞ্জে সিএনজি স্টেশনে ভয়বাহ অগ্নিকান্ড : ১১ গাড়ি পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৮:২৫:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি যাত্রীবাহী বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো পাম্পে ছড়িয়ে পড়ে। এতে পাম্পে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা এবং বাসটি দগ্ধ হয়। এ সময় পাম্প ভবনের তিনতলায় অবস্থানরত কয়েকজন কর্মী প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।
গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, আমরা তিনতলায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে জেগে উঠি। পরে জীবন বাঁচাতে লাফিয়ে পড়ি। এই ঘটনায় আমাদের ৬ জন কর্মী আহত হয়েছেন। আগুনে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ১০টি সিএনজি ও একটি বাস পুড়ে যায়। পাশাপাশি সিএনজি পাম্পটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।





