জাফলংয়ে পাথর লুটের ঘটনায় আটক ২
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৯:৫৫:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট জাফলং পর্যটন স্পটের জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে তাদের আটক করা হয়।শনিবার (২৩ আগস্ট) আদালতের মাধ্যমে তাদেরকে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার মামার বাজার এলাকার আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের জাবেদ আহমদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৭, ৮ ও ৯ তারিখ টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা (নম্বর-২৯) করেন।
এর সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, শুক্রবার রাতে পাথর লুটের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার ঘনফুট উদ্ধার করে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে।





