জাফলং সীমান্তে বিজিবির অভিযানে ৪ টি ভারতীয় অস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৯:০২:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জাফলং সীমান্ত থেকে ৪ টি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৪ আগস্ট) ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন কাটারী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করে।
রোববার (২৪ আগস্ট) সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে রোববা বেলা সাড়ে ১২টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়- শনিবার দিবাগত রাতে উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো চারটি .১৭৭ এয়ার গান। এগুলো ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেসব্রিফিংয়ে জানানো হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





