শায়েস্তাগঞ্জে পৌর প্রশাসকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ৭:২৯:২৫ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে উন্নয়ন কাজে ফিরেছে গতি। বেড়েছে রাজস্ব আয়। পরিশোধ করা হচ্ছে দেনা। আদায় করা হচ্ছে বকেয়া অর্থ। সোমবার সাংবাদিক ও সুধীজনের সাথে পৌর প্রশাসক পল্লব হোম দাসের এক মতবিনিময় সভায় এসব তথ্য উঠে আসে।
সভায় লিখিতভাবে পৌরসভার নানান কাজের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় জানানো হয় শায়েস্তাগঞ্জ পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরে এক কোটি বিশ লক্ষ টাকা ব্যয়ে ১০টি প্যাকেজের মাধ্যমে ৩২টি স্কিমে রাস্তা নির্মাণ, রাস্তা মেরামত, ড্রেন নির্মাণ, পুণ:নির্মাণ, টয়লেট নির্মাণ, শেড তৈরি, বৈদ্যুতিক লাইনে ক্যাবল ক্রয়সহ নানা উন্নয়ন কাজ চলমান রয়েছে।
ইউএনডিপির অর্থায়নে দাউদনগর বাজারে ২৬ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২৯ কোটি টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার পানি বিশুদ্ধকরণ কাজ গত ২৮ এপ্রিল উদ্বোধন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার। টিআর কর্মসূচির আওতায় পৌরসভার ৩টি বাজার, বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব, পৌরসভায় সড়ক বাতি, সিসি ক্যামেরা, রাস্তার উন্নয়নে প্রায় ১৯ লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ১৪২২ বাংলা থেকে ১৪৩১ বাংলা সন পর্যন্ত গত নয় বছরে আয়কর, ভ্যাট, সেলামী বকেয়া রয়েছে প্রায় ৯৪ লক্ষ টাকা। এর মধ্যে ১২ লক্ষাধিক টাকা পরিশোধ করা হয়েছে। একই সময়ে হাটবাজার ইজারাদারদের নিকট প্রায় ২৩ লক্ষ টাকা বকেয়া পাওনা রয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে পৌরকর আদায় হয়েছে প্রায় ৯৬ লক্ষ টাকা। যা এর আগের বছরের তুলনায় ৩০ লাখ টাকা বেশি। ট্রেড লাইসেন্স ফি গত বছরের চেয়ে এবার প্রায় ৮ লাখ টাকা বেশি আদায় হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ফরিদ আহমদ অলি, পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন প্রমুখ।





