ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনে ১১ জনকে দন্ড, ৮ নৌকা জব্দ
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৫:৫৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতু হুমকিতে ফেলে সেতুর নিচ থেকে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে জেল ও ৬টি স্টিল বডি নৌকা এবং লিস্টার মেশিনসহ ২টি নৌকা আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে ৪টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে তাদের আটক করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়ার নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ, কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার ইকবাল হোসেনসহ পুলিশ ও বিজিবির ফোর্স। এ সময় তারা ধলাই সেতুর ৫০০ মিটারের ভেতর থেকে লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ৬টি স্টিল বডি নৌকা, লিস্টার মেশিনসহ ২টি নৌকা ও বালু উত্তোলনের সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১১ জনকে ১০ দিন করে জেল দেওয়া হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার এবাদুর রহমান, একরাম হোসেন, আতাউর রহমান, নজরুল ইসলাম, মাফিকুল হক, মহিসিন আহমদ, তৈফিক মিয়া, আলী হোসেন, সজিব, মুজিবুর রহমান ও আলী রাজ।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া বলেন, লিজ বহির্ভূত জায়গা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করতে যাবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।





