জৈন্তা সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা : আটক ৫
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩২:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৫ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টার দিকে সিলেট ব্যাটালিয়ন বিজিবির টহলকারী দল তাদের আটক করে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযানে নামে শ্রীপুর বিওপির টহলদল। এসময় বিজিবি সদস্যরা শ্রীপুর পাথর কোয়ারী এলাকার সীমান্তবর্তী রাংপানি নদীর সন্নিকটে সীমান্ত পিলার ১২৮০/১ এস মেইন পিলার হতে বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে ৫ জন নারী পুরুষকে ভারতে অনুপ্রবেশ চেষ্টাকালে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে অনুপ্রবেশ চেষ্টার কথা স্বীকার করে এবং তারা কোন পাসপোর্ট সহ বৈধ কাগজপত্র দেখাতে পারে নি।
আটককৃতরা হলেন- চাদঁপুর জেলার সদর থানার বাখরপুর গ্রামের সিরাজ খাঁর পুত্র মোঃ সোহেল রানা (৩৪), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার তালতলা কানিহারী গ্রামের মোঃ ইব্রাহিমের পুত্র মোঃ আল আমিন (২৫), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর গ্রামের মোঃ বাবুলের পুত্র মোঃ সাগর (৩৩), মাদারীপুর জেলার সদর থানার উত্তর দুধখালী গ্রামের আলী হোসেন খন্দকারের স্ত্রী মোছা হলকি বেগম (৩৭) ও ফরিদপুর জেলার সালথা থানার বাওশখালী গ্রামের রহিম শেখের স্ত্রী মিতু আক্তার (৩২)।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনপূর্বক শুক্রবার (৫ সেপ্টেম্বর) আটককৃতদের বিজিবির সহায়তায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এর সাথে কোন মানবপাচারকারী চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা তা নিশ্চিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে, ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের শুক্রবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।





