বড়লেখায় ২ গরুসহ ৩ চোর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৮:০২ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে কৃষকের চুরি যাওয়া প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি গরু উদ্ধার ও ৩ জন গরু চোরকে গ্রেফতার করেছে।
৩১ আগস্ট উপজেলার দক্ষিণভাগ গ্রামের কৃষক ইয়াকুব আলীর বসতঘর সংলগ্ন গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে গিয়েছিল। ৫ সেপ্টেম্বর ভুক্তভোগি কৃষক ইয়াকুব আলী থানায় মামলা করেন।
গ্রেফতার আসামিরা হচ্ছে- উপজেলার দোহালিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে মিলন মিয়া, জুড়ী উপজেলার বেলাগঁও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শহিদ মিয়া ও একই গ্রামের মৃত সুরু মিয়ার ছেলে হানিফ মিয়া। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবল চন্দ্র জানান, বিভিন্ন তথ্যের ভিত্তিতে গরু চুরির সাথে সম্পৃক্ত মিলন আহমদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপর দুই আসামিকে গ্রেফতার ও চুরি যাওয়া দুইটি গরু উদ্ধার করা হয়েছে। শনিবারের বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।





