সিলেট সীমান্তে বিজিবির সোয়া ৩ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪১:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক। বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এবং হরিপুর এলাকায় ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার এবং মিনাটিলা বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াস, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি, ট্রাক, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত বালু ভর্তি ডাম্পার আটক জব্দ করে। জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৬ লক্ষ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয়েছে। আটককৃত পণ্যের বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।





