সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৪:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় কানাইঘাট উপজেলার মঙ্গলপুর এলাকায় লোভাছড়া বিওপি’র একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অফিসার্স চয়েজ ব্র্যান্ডের ৪২ বোতল মদ জব্দ করা হয়। এসবের আনুমানিক সিজারমূল্য ৬৩ হাজার টাকা
এছাড়া শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর, গুয়াবাড়ী ও সুরাইঘাট বিওপি’র যৌথ টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫টি গরু, ৭২ হাজার ২০০ পিস সুপারি, ৮ হাজার ১২০ প্যাকেট পাতার বিড়ি, ৬০০ কেজি ফুলের ঝাড়ু ও ২টি কাঠের নৌকা জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ধরা হয়েছে ১৭ লাখ ৬ হাজার টাকা। দুটি অভিযানে জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ ৬৯ হাজার টাকা।
এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে বিজিবির এ ধরণের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।





