বড়লেখায় সাড়ে ৩ লাখ টাকার অবৈধ ওষুধ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৫:০৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বিজিবি-৫২ ব্যাটালিয়নের নয়াগ্রাম বিওপির টহলবাহিনী সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় রোববার ভোরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের গবাদিপশুর অবৈধ ওষুধ উদ্ধার করেছে (৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট)।
জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম বিওপির টহলদল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্তবর্তী গোবিন্দপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সীমান্ত রেখা হতে প্রায় ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে নিয়ে আসা ৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ট্যাবলেটের সিজার মূল্য ৩ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ট্যাবলেট উদ্ধারের ব্যাপারে বিজিবি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে।





