নরসিংদী থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৯:২৪:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নরসিংদীর রায়পুরা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে র্যাব-৯। এর সাথে জড়িত দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার সংলগ্ন তৈমুরনগর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নরসিংদীর রায়পুরা উপজেলার গোপিনাথপুর গ্রামের মো. কাজল মিয়ার ছেলে রহমত উল্লাহ খন্দকার (২১) ও একই গ্রামের মৃত ইকো মিয়ার ছেলে মো. কাজল মিয়া (৪৫)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত ওই স্কুলছাত্রীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
র্যাব জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী পঞ্চম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত রহমত উল্লাহ তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়েটি রাজি না হলে সে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। বিষয়টি ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানা সত্ত্বেও অভিযুক্ত যুবক উত্যক্ত করা বন্ধ করেনি। এদিকে মঙ্গলবার সকালে কোচিং শেষে বাড়ি ফেরার পথে সাবেক মেয়র কুদ্দুসের বাড়ির সামনে পৌঁছালে রহমত উল্লাহ ও তার সহযোগীরা মেয়েটিকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রায়পুরা থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে র্যাব ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।





