জকিগঞ্জে চার মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৫:৫৯:০৬ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ পৃথকভাবে ১১০ বোতল অফিসার চয়েস বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃতরা হলেন-সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস (৫০) ও তার স্ত্রী উত্তরা বালা বিশ্বাস (৩৫), মানিকপুর ইউনিয়নের বাল্লা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে রাহেল আহমদ (৩৫) এবং ছালিয়াকাপন গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুহুল আমীন (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি বিশেষ টিম পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যার মধ্যে রয়েছে ১১০ বোতল বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





