সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় পেঁয়াজ ও টমেটো জব্দ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৮:২৯:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও টমেটো জব্দ করেছে বিজিবি। শুক্রবার ও শনিবার দুদিনের অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব চোরাইপণ্য জব্দ করা হয়।শনিবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) ও শুক্রবার (৭ নভেম্বর) সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম ও প্রতাপপুর বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৬ হাজার ৫১০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২ হাজার ১২০ কেজি টমেটো আটক করে। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছিল। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হক বলেন, জব্দকৃত পেঁয়াজ ও টমেটো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও জাল মুদ্রা প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।





