প্রাথমিকের শিক্ষকরা পাচ্ছেন ১১তম গ্রেড অতিরিক্ত ব্যয় হবে ৮৩২ কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৮:৩২:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেডে উন্নীত করতে যাচ্ছে সরকার। এ প্রস্তাব বাস্তবায়িত হলে বছরে রাষ্ট্রের অতিরিক্ত ব্যয় হবে ৮৩১ কোটি ৯১ লাখ টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাজ গুণগত ও পরিমাণগত দিক দিয়ে আগের তুলনায় অনেক বেড়েছে। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বাড়িয়ে ১০ম করার বিষয়ে সংশ্লিষ্টরা সম্মতি দিয়েছেন। তাই যৌক্তিকতা বিবেচনা করে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করা প্রয়োজন। এ দিকটি বিবেচনা করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পান। প্রস্তাব অনুযায়ী, নতুন কাঠামোয় তাঁরা ১১তম গ্রেডে চলে আসবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। এর গত শনিবার প্রাথমিকের সহকারী শিক্ষকরা একাদশ গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড নিয়ে জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে ১৫ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয়।





