সিলেটে এবার মশাল মিছিল করলো নিষিদ্ধ ছাত্রলীগ!
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৯:০৩:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ঝটিকা মিছিলের পর সিলেটে এবার মশাল মিছিল বের করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তিন দিনের ব্যবধানে সোমবার রাতে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সোমবার রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ মশাল মিছিল হয়। এর আগে গত শুক্রবার সকালে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোমবারের মিছিলের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে বেশকিছু নেতা-কর্মী অংশ নিয়েছেন। তাঁদের বেশির ভাগের হাতে ছিল মশাল। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।
ভিডিওতে আরও দেখা যায়, যে ব্যানার ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করেন, সেখানে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নাম লেখা। ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ লেখা ছিল। এ ছাড়া ‘ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার মানি না, মানবো না’ লেখা ব্যানারও ছিল।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ইতোমধ্যে মশাল মিছিলে অংশগ্রহণকারী ১ জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে তার বয়স ১৮ বছরের নিচে। এর আগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে। যে কোন ধরণের নাশকতার ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।





