কানাইঘাটে হান্নান হত্যাকান্ডের ৪ দিন পর মামলা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৮:২২:৪৬ অপরাহ্ন
কানাইঘাটে প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বাখালছড়া গ্রামে যাবজ্জীবন সাজাভোগী ডাকাত সহোদরের হাতে আব্দুল হান্নান ওরফে হানাই হত্যাকান্ডের ৪ দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই আব্দুস সালাম বাদী হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ফারুক আহমদ ও মঈন উদ্দিনসহ ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
তবে আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি কানাইঘাট থানা পুলিশ। আসামীদের গ্রেফতার করতে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন।
উল্লেখ্য যে, গত ৯ নভেম্বর ভোর ৫টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে কয়েকজন বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুল হান্নান হানাইকে তার বসত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।





