সিলেটে ‘দ্য গার্ডিয়ান অরফান ভিলেজ’ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৭:১৬:১১ অপরাহ্ন

সিলেটে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের জন্য ‘দ্য গার্ডিয়ান অরফান ভিলেজ’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পর্তুগালের রাজপরিবার হাউস অব ব্রাগাঞ্জা-এর সদস্যরা এটি উদ্বোধন করেন।ক্যাপ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত সিলেট সদর উপজেলার ছালিয়া গ্রামে দেড় একর জমির ওপর নির্মিত এই প্রতিষ্ঠানটি ক্যাপ ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত হবে। এখানে ১০০ জন এতিম শিশু তৃতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা ও সম্পূর্ণ আর্থিক সহায়তা পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালের সাবেক রাজপরিবারের সদস্যদের পাশাপাশি ক্যাপ ফাউন্ডেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে রাজপরিবারের প্রতিনিধি দল জানান, বাংলাদেশ সফরের মূল লক্ষ্য মানবিক সহায়তা ও সৌহার্দ্য বিনিময় সম্প্রসারণ করা। তারা আরও বলেন, এই প্রতিষ্ঠানটি ক্যাপ ফাউন্ডেশনের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে নিবেদিত কাজের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি ও সংহতির প্রতীক হিসেবে দাঁড়াবে।





