জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫ দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৮:০৪:৪৯ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, সকল রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয় যখন একমত হয়েছে তাহলে নির্বাচনের দিন কেন গণভোট। নির্বাচনের পূর্বেই গণভোট দিতে হবে না হয় আমরা আন্দোলন চালিয়ে যাবো। তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে নির্বাচনকালীন সময় কোথাও সহিংসতা দেখা গেলে সকল সেন্টারে নির্বাচন স্থগিত করবেন নির্বাচন কমিশন, তাহলে গণভোটের তখন কি হবে। জুলাই সনদের আইনি স্বীকৃতি দেয়ার পরে জাতীয় নির্বাচন দিতে হবে।
শুক্রবার বাদ জুমআ’ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড গঠন করা, গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশে সভাপতির বক্তব্যে ডা. রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি ফজলুল হক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মো. জাকির হোসেন, ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা আলবাবুল হক চৌধুরী ও মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু প্রমুখ। বিজ্ঞপ্তি





