রাজনগরে গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা গুজব
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৬:০৯:৪৮ অপরাহ্ন

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ডের ঘটনাটি গুজব। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে রাজনগর গ্রামীণ ব্যাংকের অফিসে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়া হয়েছে বলে প্রচার করলে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন উপজেলার টেংরাবাজারস্থ গ্রামীণ ব্যাংকের অফিসটি পরিদর্শন করে এর কোনো সত্যতা পাননি বলে জানা যায়।
রাজনগর থানা পুুলিশ ও সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংক অফিস সুত্রে জানা যায়, রোববার ভোর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলার টেংরা বাজারস্থ গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়া হয়েছে। বিষয়টি ব্যাপক প্রচার হলে সকাল থেকে সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংক অফিস কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ মানুষ গিয়ে আগুন লাগার মত কোনো আলামত দেখতে পাননি।
গ্রামীণ ব্যাংক টেংরা শাখার ম্যানেজার শামীম আহমদ জানান, অফিসে আসার পথে কিছু পরিচিত লোকদের কাছ থেকে আগুন লাগার খবরটি জানতে পারি। কিন্তু অফিসে গিয়ে সব কিছু স্বাভাবিক আছে বলে দেখতে পাই। অগ্নিকাণ্ডের গুজবটি উদ্দেশ্যমূলক।
এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন খান বলেন, আমি ফেইসবুক থেকে গ্রামীণ ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার মত কোনো আলামত দেখতে পাইনি। ধারনা হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে একটি কুচক্রী মহল এসব গুজব ছড়াচ্ছে।





