সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৮:১৯:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, কর্মক্ষেত্রে সবাইকে দায়িত্ব পরায়ণ হতে হবে। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি গতকাল রোববার বিকেল ৩টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সহকারী রেজিস্ট্রার সুদীপ কুমার ভট্রাচার্যের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, রেজিস্ট্রার দপ্তরের বিদায়ী সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি নিষ্ঠা ও সচেতনতার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রাকৃতিক ঘটনা প্রবাহের মতো জীবনের স্বাভাবিক নিয়মেই এক সময় আমাদের সবাইকে কর্মস্থল থেকে বিদায় নিতে হবে। আমি তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, আমরা সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করব। দীর্ঘ সময় একসাথে কাজ করলে নানা অনুভূতির সম্মুখীন হতে হয়। কোনো ধরনের ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনার অনুরোধ রইল।
রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসী, অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন ও অতিরিক্ত রেজিস্ট্রার মো. নাজমুল হক প্রমুখ।উল্লেখ্য, সুদীপ কুমার ভট্রাচার্য ১৯৯৪ সালের ১৭ সেপ্টেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি আজ সোমবার (১৭ নভেম্বর) থেকে সহকারী রেজিস্ট্রার পদ থেকে অবসর গ্রহণ করবেন।





