মেডিকেল রোডে হোটেল সিলগালা, নারী-পুরুষ আটক
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৮:২৪:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে আবাসিক হোটেল অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও পুরুষকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় হোটেলটিকে সিলগালা করে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে কোতোয়ালী মডেল থানাধিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডের ‘চৌধুরী আবাসিক হোটেল’ এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হোটেলের একটি কক্ষ থেকে মিছির আলী (৪২) ও শায়েলা বেগম (৩২) নামের দুইজনকে আটক করা হয়। অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত হওয়ার অভিযোগে হোটেলটি সিলগালা করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





