পীরেরবাজারে যুবকের ইটের আঘাতে বিএনপি নেতা নিহত
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৮:২৭:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্র্টার : সিলেটের শহরতলীতে তর্ক-বিতর্কের জেরে ইটের আঘাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৬৫)। তিনি খাদিমপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।বুধবার সন্ধ্যায় ইটের আঘাতে তিনি আহত হন এবং ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সড়কের পাশে প্রস্রাব করছিলেন স্থানীয় বখাটে যুবক সুমন আহমদ। এতে আব্দুর রহমান আপত্তি জানালে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আব্দুর রহমান প্রশ্রাবকারী ওই ছেলেকে মারধর করেন। এসময় সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ও সুমনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধিন অবস্থায় আব্দুর রহমান মারা যান এবং কোন এক সময়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ঘাতক সুমন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক সুমন এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং এলাকায় তার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ নানা অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আব্দুর রহমান মারা যান। আর সুমন চিকিৎসাধীন অবস্থাতেই কোনো এক সময় হাসপাতাল থেকে পালিয়ে যান। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। সুমনকে গ্রেফতারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।





