জৈন্তিয়াপুরি হিসেবে সংসদে গিয়ে কথা বলার সুযোগ দিন: জয়নাল আবেদীন
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৭:১৯:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জয়নাল আবেদীন বলেছেন, পান পানি নারী- এই তিনে জৈন্তিয়াপুরি, এই কথাটি সংসদে গিয়ে একজন জৈন্তিয়াপুরি হিসেবে কথা বলার সুযোগ দিন। এই কথা বাহির থেকে এসে কেউ সংসদে গিয়ে বলবেনা। মতভেদ থাকতে পারে এসব ভুলে গিয়ে দেশ গঠনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনাদের কাছে আমি ওয়াদা করতে পারি কোন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়ে রাষ্ট্রের অথবা কারো সম্পদ ভক্ষন করে আমার পেটে ডুকবে না। আমি আপনাদের সন্তান, ১০ বছর খাদেম হিসেবে আমি আপনাদের পাশে ছিলাম। আমার বিষয়ে ভালোমন্দ আপনারাই বেশি জানেন।
তিনি শুক্রবার বিলাল ৩টায় জৈন্তাপুর তুহাসি হাটি খাসিয়া সেবা সংঘ মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত খাসি ও সনাতন জনগোষ্ঠীর সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাসিয়া সেবা সংঘের সাবেক সভাপতি অনুক খাসিয়ার সভাপতিত্বে ও নিজপাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সুহেল আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অব. শিক্ষক সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলার আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমদ, রতন ঘোষ, খাসিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত রমভাই, সাবেক সভাপতি শঙ্কর খৈরম, মাওলানা আব্দুল খালিক, শ্যামল ঘোষ, কালিবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক সজিব মোহন দর, শংকর দাস, বাদল মনি দত্ত, রতন খাসিয়া ও শুভ্রত মোহন দর প্রমুখ।





