পৃথক অভিযানে ৬ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৯:০২:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযানে ৬ জুয়াড়িকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার নগরীর খাসদবির ও কানিশাইলে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন খাসদবীর পয়েন্ট মসজিদের সামনে অভিযান চালিয়ে অনলাইন তীর শিলং জুয়া খেলার সময় ২ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- জসিম আহমেদ (২৭) ও মো. নূর ইসলাম (৫৮)।
একইদিন সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল জেলা পরিষদ মার্কেটের নূর আলমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা সংলগ্ন ফুটপাতের উপর অভিযান চালিয়ে তীর শিলং জুয়া খেলার সময় ৪ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- জজ মিয়া (৫৪), মোঃ আলী আহমদ (৩৭), হুমায়ুন কবির (৬০) ও মিন্টু রায় বাবু (৪৯)।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





