এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী : সিলেটের ৫৮৯
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৮:৩১:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির বোর্ডভিত্তিক কোটা বণ্টনের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী মোট মেধাবৃত্তি পাবেন ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবেন ৯ হাজার ৩৭৫ জন।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ নভেম্বর প্রকাশিত এক অফিস আদেশে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানদের পাঠানো হয়েছে এ আদেশ। আদেশে বলা হয়েছে, মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ১ হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ৭৫০ টাকা।
বোর্ডভিত্তিক প্রাপ্য মেধাবৃত্তির সংখ্যায় সিলেট বোর্ডের ২৮ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্ত সংখ্যায়র সিলেট বোর্ডের আছেন ৫৬১ জন। মেধা ও সাধারণে মিলে সিলেট বোর্ডে মোট বৃত্তি পেয়েছেন ৫৮৯ জন শিক্ষার্থী।
এদিকে বৃত্তি পেতে কয়েকটি শর্ত দেয়া হয়েছে। শর্তগুলো হলো-বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ করা বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটিয়ের মাধ্যমে তাঁদের ব্যাংক হিসাবে পাঠাতে অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে হিসাব খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির ৭ দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিতে হবে।
আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ডকপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠাতে হবে এবং শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরসহ প্রকাশিত গেজেটের তথ্য এক্সএল এবং পিডিএফ ফাইলে ই-মেইলে (ফংযবনড়ধৎফমধুবঃঃব@মসধরষ.পড়স) পাঠাতে হবে।





