মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯২ অবৈধ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৫:৪৪:২৭ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পই ইন্দাহ এলাকায় পরিচালিত অভিযানে মোট ৯২ জন অবৈধ অভিবাসী আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার ভোরে শুরু হওয়া এই অভিযানটি জোহর ইমিগ্রেশন পরিচালক মোহদ রুসদি মোহদ দারুসের নেতৃত্বে পরিচালিত হয়।
তিনি জানান, ভোর ৪টা থেকে শুরু হওয়া এই সমন্বিত অভিযানে পাঁচটি ভিন্ন অপারেশন-অপস সেলেরা, অপস মারি, অপস সাপু, অপস বেলান্জা এবং অপস পিন্টু একযোগে পরিচালিত হয়। অভিযান চালানো হয় এমন ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় যেগুলোতে অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া যায়।
রোববার এক বিবৃতিতে মোহদ রুসদি বলেন, গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পোশাক তৈরির কারখানা, সৌন্দর্য সেবা কেন্দ্র এবং রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
আটক হওয়া ৯২ জন অবৈধ অভিবাসীর মধ্যে রয়েছেন- ইন্দোনেশিয়ার ১৯ জন পুরুষ ও ৪ জন নারী, অতিরিক্ত আরও ১৫ জন পুরুষ ও ৫ জন নারী, শ্রীলঙ্কার ৭ জন পুরুষ ও ২ জন নারী, মিয়ানমারের ১৯ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশ ৮ জন পুরুষ, পাকিস্তানের ২ জন পুরুষ, চীনের ১ জন নারী, ফিলিপাইনের ১ জন নারী। আটকদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে।
আটক অভিবাসীরা বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়ে পরিচালক জানান, অভিবাসীদের বৈধ কর্মপারমিট ছাড়া কাজ করা, ভিজিট পাস বা ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গ করা। ইমিগ্রেশন অ্যাক্ট লঙ্ঘন। আটক অভিবাসীদের জিজ্ঞাসাবাদের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।





