মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৬:৪৪:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১ম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়নসহ অন্যান্য দাবীতে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত কর্ম বিরতি পালন করেন। বুধবার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মুখে তারা অবস্থান নেন। দীর্ঘ দিনের এ দাবী না মানায় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরাও কর্মবিরতিতে অংশ নেন।
এ সময় আন্দোলনকারীর মধ্যে বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম, নন্দ কিশোর সিনহা, নরেন্দ্র চন্দ্র, আবুল হোসেন চৌধুরী, মো. মিলন হোসেনসহ অন্যান্যরা। তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে না মানলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণ কর্ম বিরতি পালন করা হবে হুঁশিয়ারি দেন।
এদিকে, ২ ঘন্টা কর্মবিরতি পালনকালে হাসপাতালে আসা শত শত রোগীরা সেবা না পেয়ে পড়েন ভোগান্তিতে। দূর দুরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না নিয়ে ফেরত চলে যান।





