শাবি ভিসির সঙ্গে ‘ইকো-জেনেসিস’ টিমের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৯:১৪:৫২ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষার্থীদের উদ্ভাবনী টিম ‘ইকো-জেনেসিস’ টিমের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভিসির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। ‘ইকো-জেনেসিস’ টিমের সদস্য সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারহানা ইসলাম প্রমা, নাদির উজ জামান নাঈফ ও আবু ইয়াহিয়া।
গত ২৬ থেকে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) আয়োজিত ‘এগ প্রোটেকশন ডিভাইস কম্পিটিশন ২০২৫’ এ দক্ষিণ এশিয়া থেকে একমাত্র টিম হিসেবে অংশগ্রহণ করে শাবিপ্রবির ‘ইকো জেনেসিস’।
এর আগে এসিআই আয়োজিত জাতীয় কংক্রিট সলিউশন প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন এবং পরবর্তীতে শাবিপ্রবি ইনোভেশন হাব প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে টিম ‘ইকো জেনেসিস’। টিম ‘ইকো জেনেসিস’র গবেষণার মূল লক্ষ্য অতি-শক্তিশালী কংক্রিট (আলট্রা হাই পারফরম্যান্স কংক্রিট) তৈরি করা, যা প্রচলিত কংক্রিটের তুলনায় আরও শক্তিশালী ও টেকসই। তাদের উদ্ভাবিত মিশ্রণে ব্যবহার করা হয়েছে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন থেকে সংগৃহীত পলিপ্রোপিলিন ফাইবার এবং স্টিল মাইক্রোফাইবার যা প্রচলিত মোটা পাথরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে কংক্রিটের শক্তি ও নমনীয়তা বৃদ্ধি করেছে।





