কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ৬:০১:০১ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট ট্রাফিক পুলিশের চেকপোস্টে ভারতীয় নাসির বিড়িসহ আটককৃত ২ জনকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম বৃহস্পতিবার বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারতীয় নাসির বিড়িবাহী একটি মিনি কাভার্ডভ্যান কানাইঘাট পৌর শহর দিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম চেকপোস্ট অবস্থানরত ট্রাফিক পুলিশকে গাড়ি আটকের নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে কানাইঘাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট সম্বিত সুন্দর দাস একদল ট্রাফিক পুলিশ নিয়ে নন্দিরাই বাইপাস মোড়ে বিকাল সাড়ে ৪ টার দিকে চেকপোস্ট পরিচালনাকালে মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৪৭ কার্টুন ভারতীয় নাসির বিড়িসহ ২ জনকে আটক করতে সক্ষম হন। পরে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় আটককৃত ২জনসহ আনুমানিক মূল্য সাড়ে ৯ লক্ষ টাকার ৪৭ কার্টুন ভারতীয় নাসির বিড়ি এবং অনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকার আটককৃত একটি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়। জব্দ তালিকাপূর্বক কানাইঘাট থানার এসআই মো. মিজানুর রহমান ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, আটকৃত জৈন্তাপুর উপজেলার মানিকপাড়া গ্রামের আবুল হোসেন পুত্র নাইম আহমদ (২৫), বশির উদ্দিনের পুত্র মাহতাব উদ্দিন (২৬), পলাতক আসামি কানাইঘাট উপজেলার বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মৃত আব্দুল মুছব্বিরের পুত্র মো. জহির উদ্দিন (৫০)। ধৃত আসামীদের শুক্রবার সকালে আদালে প্রেরণ করে পুলিশ।





