সিলেটে ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ , প্রস্তুত আলিয়া মাঠ, আসছেন শীর্ষ নেতারা
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩০:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ। শনিবার বেলা ১২টা থেকে সমাবেশ শুরু হয়ে আসরের আগেই সমাপ্ত হবে।
ইতোমধ্যে সমাবেশ সফলে ৮ দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনসহ সরকারী সকল প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে সমাবেশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে।
শুক্রবার বাদ জুমআ সমাবেশের সর্বশেষ প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করে ৮ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তারা। নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগীয় সমাবেশ সফলে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। জনগুরুত্বপূর্ণ ৫ দফা দাবি পূরণে ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ জনসমূদ্রে রূপ নিবে।
সমাবেশে ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চাঁন।





