কোম্পানীগঞ্জে বালুপাথর চুরির দায়ে ৮ জনকে জেল
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৫, ৭:২৯:৫৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধ বালুপাথর উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে ৮ জনকে আটক করা হয়। পরে তাদের ৭ জনকে ৩ মাস ও ১ জনকে ২ মাসের সাজা দেওয়া হয়েছে। সোমবার ভোর থেকে বিকাল পর্যন্ত চলে এ অভিযান।
জানা যায়, ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানসহ সঙ্গীয় ফোর্স। ৩ মাসের সাজাপ্রাপ্তরা হলেন- তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন ও মো. মানিক। শাহ আরেফিন টিলায় অভিযানে জাকির হোসেনকে ২ মাসের জেল দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ। আমরা আজ ১ জনকে আটক করেছি। পরে তাকে ২ মাসের জেল দেওয়া হয়েছে। ইতোমধ্যে আটককৃতদের কোর্টের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে তাদেরকে আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





