ফুরাচ্ছে ভোটের অপেক্ষা
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩০:৫১ অপরাহ্ন
কাল তফসিল ঘোষণার ইঙ্গিত | রেকর্ডেও জন্য বিটিভি-বেতারকে চিঠি

জালালাবাদ রিপোর্ট : অবশেষে ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষা। আগামীকাল বুধবার এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। ওইদিন প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।
সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ১০ ডিসেম্বর নির্বাচন ভবনেই সিইসির ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন ১১ ডিসেম্বর ভাষণটি প্রচার করা হতে পারে।
ইসি জানিয়েছে, ওইদিনই দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবে সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকে নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন কেবল ঘোষণার অপেক্ষা। প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রেওয়াজ অনুযায়ী যেদিনই বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়।
সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ডেকেছিল নির্বাচন কমিশন। ওই নির্বাচনের তফসিল সরাসরি সম্প্রচার করেছিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে যে, আগামীকাল বুধবারই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল ১১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ভোট প্রস্তুতি ও তফসিল নিয়ে আলোচনার মধ্যে রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকার কথা অন্তর্বর্তী সরকারের প্রধানকে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রস্তুতির বিষয়ে ইসিকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টাকে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সিইসি আরও বলেছেন, ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনি কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনি ‘আমেজ’ সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে এদিন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশন সভা হয়।




