কোম্পানীগঞ্জে ৩৬৬ বোতল মাদক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৬:১৫:১৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৬৬ বোতল ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাঝেরগাঁও থেকে ৬৬ বোতল মদ ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে ৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের বিষয়ে ওসি শফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা থানা-পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের মাঝেরগাঁও থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন ও কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ দুজন আসামীকে শনাক্ত করে মামলা দায়ের করে।
একই দিন রাত ১টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে ৩’শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সজল বিশ্বাস (৩৫) নামে ১জনকে আটক করে র্যাব। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার সমিরন বিশ্বাসের ছেলে। এসময় হেলাল আহমদ নামে একজন পালিয়ে যায়। র্যাব-৯ এর হাবিলদার আসাদুজ্জামান আফ্রাদ বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।





