সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:১০:২২ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে রোববার থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, টহল তৎপরতা ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সম্ভাব্য ক্রসিং ও রি-ক্রসিং পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। এছাড়া, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর রাখা হয়েছে বাড়তি নজরদারি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম জাকারিয়া কাদির বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।





