এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলো ওসমান হাদিকে
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৭:৩১:০১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এয়ার এ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়। এরআগে এদিন দুপুর ১টা ৫০ মিনিটে এয়ার এ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উড্ডয়ন করে।
চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর নিতে সোমবার বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুপুর ১টা ১৫ মিনিটে বিমানবন্দরের উদ্দেশ্যে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল ছেড়ে যায়।
দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে। পরে গতকাল রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে সেটা অবহিত করা হয়।
ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন।
চলন্ত রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচারের পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’।
হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড রোববার বিকালে জানায়, সিটি স্ক্যানে দেখা গেছে তার মস্তিষ্কের ফোলা আগের তুলনায় বেড়েছে, যা ‘অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি’ নির্দেশ করে। মেডিকেল বোর্ড জানায়, “ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠানামা হচ্ছে। হৃদস্পন্দনও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।”
মেডিকেল বোর্ড আরও জানায়, রোগীর পরিবার অথবা সরকারের সিদ্ধান্তে বিদেশে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে তারা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। এসব বিবেচনায় সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।





