জেলা শহরে হবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৮:১৬:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জেলা শহরে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা। আগামী ২ জানুয়ারি দেশের ৬১টি জেলায় একযোগে একই দিনে এই পরীক্ষা গ্রহণ করা হবে। তবে পরীক্ষা কয়টা থেকে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
ডিপিই সূত্র জানায়, প্রথম ধাপে সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলোতে পরীক্ষা নেয়া হবে। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিভাগ ও জেলার বিস্তারিত তালিকা এবং পরীক্ষার সময়সূচি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর প্রথম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট নিরসনে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন, ২০২৬ সালের ২ জানুয়ারি প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে সারাদেশের ৬১টি জেলায় একযোগে পরীক্ষা আয়োজন করা হবে।





