শাবিতে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান সম্মেলন শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৩৭:০৩ অপরাহ্ন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন ফিজিক্স ২০২৫’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবকদের, যাদের নিরলস পরিশ্রমের ফলেই আজকের এই আয়োজন। তিনি উল্লেখ করেন, দেশি-বিদেশি শিক্ষাবিদদের অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে। এই সম্মেলনের মাধ্যমে গবেষকরা জ্ঞান, ধারণা ও অভিজ্ঞতার বিনিময় করবেন এবং জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথি বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আজকের এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই সম্মেলনে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের উপস্থিতি প্রশংসনীয়। বিপুলসংখ্যক গবেষণাপত্র উপস্থাপন করা হবে, যা পদার্থবিজ্ঞানের অগ্রগতিকে আরও সমৃদ্ধ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, আজকের এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। এই সম্মেলন সিনিয়র ও জুনিয়র গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা, যেখানে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাভাবনা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মোঃ শাহ আলম। উল্লেখ্য, দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৮৫টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে।





