সিলেটে ৩ দিনে ডেভিল হান্ট-টু’তে গ্রেফতার ৮৩
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩০:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট-টু’ কার্যক্রমের আওতায় সিলেট জেলা ও মহানগরে ৩ দিনে ৮৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গত ৪ দিনে সিলেট মহানগর এলাকায় ৪৭ ও সিলেট জেলায় ৩ দিনে ৩৬ জন আটক হন।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মহানগর এলাকায় গত ৪ দিনে ৪৭ জনকে আটক করা হয়েছে। রোব, সোম, মঙ্গল ও বুধবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা জিআর মামলা, বিস্ফোরক ও দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলায় সন্দেহভাজন আসামি।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিনে নতুন করে ৪ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর আগে মঙ্গল ও বুধবার ২ দিনে আটক হন ৯ জন। তারা হলেন- এয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মহানগর তাতীলীগের সহ-সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ (৪০), কোতোয়ালী থানার লালদিঘীরপাড় ঘাসিটুলা এলাকার মকবুল হোসেনের ছেলে যুবলীগ নেতা আহমেদ হোসেন মুন্না (৩১), এয়ারপোর্ট থানার মংলীরপাড় এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া (৬৪), এয়ারপোর্ট থানার দেবাইরবহর এলাকার মোস্তফা মিয়ার ছেলে আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী বলি (৪৮), মৌলভীবাজার কুলাউড়া থানার স্টেশন রোড বরমচাল এলাকার মৃত ইদ্রিছ আলীর ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন (৫৬), মোগলাবাজার থানার শেখপাড়া এলাকার গুলজার আহমদের ছেলে মো. ইয়াহিয়া (৪২), জালালাবাদ থানার মোগলগাঁও এলাকার সুনু মিয়ার ছেলে সদর উপজেলা তাতীলীগের সভাপতি মো. দিলোয়ার হোসেন (৪৫), জকিগঞ্জ থানার বাহ্মনগাঁও মানিকপুর এলাকার মৃত খোকা দাশের ছেলে বিজিতলাল উজ্জল ওরফে নিধিররঞ্জন (৩৫) ও মোগলাবাজার থানার শেখপাড়া এলাকার মৃত রমিজ উল্লাহর ছেলে নূরুল ইসলাম (৬০)। আটককৃতরা সকলেই বর্তমানে সিলেট মহানগরের বিভিন্ন থানায় বসবাস করছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। চলমান ডেভিল হান্ট-টু অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, ডেভিল হান্ট-টু শুরুর পর থেকে এখন পর্যন্ত মহানগর এলাকা থেকে ৪ দিনে মোট ৪৭ জনকে আটক করা হয়েছে।
এদিকে সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ দিন (সোম, মঙ্গল ও বুধবার) জেলার আওতাধিন সকল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে বুধবার আটক হয়েছেন ১২ জন।





