বন্দরবাজারে ডাকাত সর্দার গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৯:১০:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর বন্দরবাজার এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সর্দারকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে এসএমপির কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার হয়। তার নাম সাইফুল ইসলাম (৩২)। তিনি বিয়ানীবাজার থানার নন্দিরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
জেলা ডিবি পুলিশ জানিয়েছে, সাইফুল ইসলাম একজন চিহ্নিত অপরাধী এবং একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সর্দার। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানা, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এবং সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা মোট ১৭টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





