সিঙ্গাপুরে হাদির অস্ত্রোপচারে পরিবারের সম্মতি
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৯:১৮:২৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সিঙ্গাপুরেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জরুরি অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের এক ফেইসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, সংগঠনটির মুখপাত্র ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য ঢাকার বিজয়নগর এলাকায় গেলে তিনি সশস্ত্র হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচারের পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখে এসে বুধবার রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। তিনি জানান, হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।
বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে এক বিবৃতিতে বলা হয়, “আপনারা দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”
একই বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, “খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।”





