গভীর রাতে প্রথম আলো কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৯:০৮:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে গভীর রাতে প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি অংশ নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকায় অবস্থিত প্রথম আলো অফিসে ইট পাটকেল নিক্ষেপ করে।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার পর থেকে নগরীর চৌহাট্টা শহীদ মিনার এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে নগরীর বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হতে থাকেন। চৌহাট্টা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আবার চৌহাট্টায় ফিরে এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালান তাঁরা।
পরে ফের চৌহাট্টা ঘিরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী স্লোগান দিতে থাকেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতারের দাবি জানানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রথম আলো অফিসের নিচে ঘটনার আগেই পুলিশ মোতায়েন করা হয়েছিলো। তবে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি রাস্তা থেকে ইট পাটকেল ছুড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।





