কানাইঘাটে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৭:২২:০১ অপরাহ্ন
সিলেট জেলার কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের আওতাধিন রাস্তা নির্মাণে অনিয়ম ও ভুল স্থানে বাস্তবায়নের অভিযোগে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের সর্বস্তরের সাধারণ বাসিন্দাদের পক্ষ থেকে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে গ্রামবাসী অভিযোগ করেন, কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের লালারচক বুরহান উদ্দিন রোড হতে লালারচক গ্রাম পর্যন্ত নির্মাণ প্রকল্প ‘আইডি : ৬৯১৫৯৫০৩৪’ রাস্তাটি গ্রামীণ উন্নয়ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি কর্তৃক নির্মাণের উদ্যোগ নেয়া হয়। বর্তমানে রাস্তাটি অনুমোদিত নকশা ও উচচ অ্যালাইনমেন্ট থেকে সরিয়ে সম্পূর্ণ অননুমোদিত স্থানে বাস্তবায়িত হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। বহু বছরের প্রত্যাশিত প্রকল্পটি অনুমোদিত নকশার বাইরে বাস্তবায়ন হলে-জনস্বার্থ বঞ্চিত হবে, সরকারি অর্থ অপব্যবহার হবে, প্রকল্পের উদ্দেশ্য পূরণ হবে না এবং গ্রামবাসীর ন্যায্য অধিকার ক্ষুণ্ন হবে। এজন্য জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপই এখন সবচেয়ে জরুরি এবং প্রত্যাশিত।





