অব্যবস্থাপনা রেখেই ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৮:১৯:৪৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন অব্যবস্থাপনা রেখেই উদ্বোধন করা হয়েছে ভোলাগঞ্জ স্থলবন্দরের। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বৃহস্পতিবার দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে এটি উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে ভোলাগঞ্জ স্থলবন্দর নির্মিত হয়েছে। ২০২৪ সালের প্রথমদিকে বন্দরের অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়। চলতি বছরের ডিসেম্বরে বন্দরের কাজ শেষ করে উদ্বোধন করা হয়। তবে ব্যাংকের শাখা, ডাম্পিং এর পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
উদ্বোধন শেষে নৌপরিবহন উপদেষ্টা স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এসময় ব্যবসায়ীরা বলেন, ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে শুধুমাত্র পাথর আমদানি করা হয়। ভোলাগঞ্জের ভারতীয় অংশে এখনো স্থলবন্দরের কাজ শুরু হয়নি কিন্তু আমাদের স্থলবন্দর উদ্বোধন করা হয়েছে। এতে দু-দেশের ব্যবসায় প্রভাব পড়তে পারে। ভারতে গাড়ি পরিমাপের স্কেল না থাকায় মুলত এই প্রভাব পড়বে। এছাড়া স্থলবন্দরে এখনো কোন ব্যাংকের শাখা দেওয়া হয়নি। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ভোলাগঞ্জ স্থলবন্দরের সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
স্থলবন্দর উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, ভোলাগঞ্জ স্থলবন্দরের ইনচার্জ গিয়াস উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রমুখ।





