পৃথক অভিযানে ডিবির জালে ১০ জুয়াড়ি
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৯:১১:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পৃথক অভিযানে ১০ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গল ও বুধবার নগরীর কানিশাইল এবং দক্ষিণ সুরমার রেলগেইট এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল ১নং রোডের মারুফ টি-স্টলে অভিযান চালিয় তীর শিলং জাতীয় জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার সাচনা বাজার ছোট ঘাগটিয়া গ্রামের মৃত রমিজ আলীর ছেলে বর্তমানে তাহের মিয়া (৩০), একই জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশ লতারগাঁও গ্রামের উসমান মিয়ার পুত্র শামীম (২০), ধর্মপাশা থানার দৈরশ্রী বাখরপুর গ্রামের মৃত আব্দুল করিম তালুকদারের ছেলে মোঃ স্বপন মিয়া (৫৫), হবিগঞ্জ জেলার লাখাই থানার তেঘরিয়া বোল্লা গ্রামের মৃত রঙ্গ মিয়ার ছেলে জসিম (৪৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার জামাল উদ্দিনের ছেলে আল আমিন (২৭), বগুড়া জেলার শিবগঞ্জ থানার ময়দানঘাটা বাহাগুলপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র মোঃ বাদল (৩৮) ও সুনামগঞ্জের ছাতক থানার পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ গ্রামের আবুল কালামের পুত্র সুজাত মিয়া (৩৫)। আটককৃতরা সকলেই বর্তমানে কানিশাইল ও শামীমাবাদ এলাকায় বসবাসরত আছেন।
এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন রেলগেইট নির্মাণাধীন সেনাবাহিনী মার্কেটের সামনের ফুটপাতে অভিযান চালিয়ে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় ৩ জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার বাঘাশুরা কালিকাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র রাসেল মিয়া (২৫), দক্ষিণ সুরমা থানার খোজারখলা ব্লক-ডির খলিল মিয়ার কলোনীর খোকন আহমদের পুত্র মনির আহমদ (২২) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পানিউমদা লেবু বাগান গ্রামের আকল আলীর পুত্র মোঃ শুক্কুর আলী (৩৮)। আটককৃতরা বর্তমানে দক্ষিণ সুরমা থানাধিন বিভিন্ন এলাকায় বসবাস করছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।





